২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার ‘আর্জেন্টিনা বাড়ি’

“ফুটবল আর ক্রিকেট বাঙালির আবেগের খেলা। এই আবেগের বহিঃপ্রকাশ ঘটে বিশ্বকাপের সময়।”

ব্রাহ্মণবাড়িয়ার ‘আর্জেন্টিনা বাড়ি’

প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা বিশিষ্ট বাড়িটি রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 11:53 AM

Updated : 09 Nov 2022, 12:02 PM

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ; শুরু হয়েছে বিভিন্ন দল নিয়ে সমর্থকদের মাতামাতি। প্রিয় দলের প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচতলা বিশিষ্ট একটি বাড়ি রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। বাড়িটি স্থানীয়দের কাছে পরিচিতি পেয়েছে ‘আর্জেন্টিনা বাড়ি’ হিসেবে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা মাহবুবুল আলম খোকন ও কানিজ ফাতেমা দম্পতির তিন সন্তানের মধ্যে রেজাউল আলম রাব্বি সবার ছোট। চলতি বছর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দিয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই রাব্বি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তার আবদারেই বাড়িটি এমন করে সাজিয়ে তুলেছেন মাহবুবুল আলম খোকন। পুরো বাড়ি আর্জেন্টিনার পতাকার আদলে রং করা হলেও বাড়ির ছাদে পানির ট্যাংকটিতে আঁকা হয়েছে বাংলাদেশর পতাকা।

অনেকেই এখন বাড়িটি দেখার জন্য আসছেন।

রেজাউল আলম রাব্বি জানান, লিওনেল মেসির খেলা তার খুব ভালো লাগে। কয়েক মাস আগেই বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে রং করার জন্য বাবা-মায়ের কাছে তিনি বায়না ধরেন। দলের সমর্থক হিসেবে নিজের বাড়ির রং আর্জেন্টিনার পতাকার আদলে করতে পারায় ভালো লাগছে বলে জানান রাব্বি।

রাব্বির বাবা মাহবুবুল আলম খোকন বলেন, আর্জেন্টিনার প্রতি রাব্বির এমনই ভালোবাসা যে, বাড়ির রং আর্জেন্টিনার পতাকার আদলে না করলে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেবে বলে জানায়। তাই অনেকটা বাধ্য হয়েই ছেলের ইচ্ছায় বাড়ির রং আর্জেন্টাইন পতাকার রঙে করা হয়েছে। তবে খেলার প্রতি ছেলের এই ভালোবাসা দেখে তিনি আপ্লুত।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, ফুটবল আর ক্রিকেট বাঙালির আবেগের খেলা। এই আবেগের বহিঃপ্রকাশ ঘটে বিশ্বকাপের সময়। বিশেষ করে ফুটবল নিয়ে উন্মাদনা থাকে সবচেয়ে বেশি। বাড়ির ছাদে প্রিয় দলের পতাকা টানানো ও বাড়ির রং পতাকার আদলে করাসহ নানা আয়োজন করে সমর্থকরা।

প্রতিবারের মতো এবারও জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল বিশ্বকাপের প্রচার এবং শহরের কয়েকটি পয়েন্টে সর্বসাধারণের জন্য বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হবে বলে জানান মাহবুবুল বারী চৌধুরী মন্টু।