বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রেপ্তার
তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা সভাপতিসহ চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- স্বেচ্ছাসেবক লীগের বগুড়া জেলা কমিটির সভাপতি চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন (৫২), জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আবু জাফর সিদ্দিক রিপন (৬০), শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন নির্জন ওরফে ভাদু (২৯) এবং সংগঠনটির কর্মী ফেরদৌস হোসেন (২৬)।
পুলিশ বলছে, সাজেদুর রহমান সাহিনের বিরুদ্ধে ১৫টির বেশি মামলা রয়েছে। সাব্বির হোসেন নির্জনের বিরুদ্ধে রয়েছে ১০টির বেশি মামলা। আর ফেরদৌস হোসেনের বিরুদ্ধে রয়েছে দুইটির বেশি মামলা। আর নির্জন ওরফে ভাদুর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।
ওসি ইকবাল বাহার বলেন, “গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তারা ঢাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। গোপন খবরে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।”
তাদেরকে বগুড়ায় আনা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।
