শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১
উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার সকালে উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাহিদুল ইসলাম (৫০) ওই গ্রামের জাবেদ আলী বিশ্বাসের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কেষ্টপুর গ্রামের দুজন বাসিন্দা জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মন্ডলের সঙ্গে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সোমবার সকালে মান্নান মন্ডলের সমর্থক হিসেবে পরিচিত তারিখ মন্ডল বিএলকে বাজারে গেলে একদল লোক তাকে মারধর করে। এর জের ধরে কেষ্টপুর গ্রামে দুপক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা লাঠিসোটা ও ইটপাকেল নিয়ে সংঘর্ষে জড়ায়।
এলাকাবাসীর বরাতে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে চার জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। উত্তেজনা থাকায় ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহিয়া মেহেনাজ বলেন, ধারালো অস্ত্রের আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
