‘নাশকতার পরিকল্পনা’: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গ্রেপ্তার
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে, বলছে পুলিশ।
শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম জানান।
সেলিম জেলা জজ আদালতের সাবেক রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।
আইনশৃঙ্খলা বাহিনী থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার অনলাইনে যুক্ত হয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কয়েকজন অংশ নেন। সেখানে কুমিল্লা জুড়ে ‘অরাজকতা’ সৃষ্টির পরিকল্পনা করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া বাকিদেরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহিনুল ইসলাম বলেন, “ভার্চুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনা ছাড়াও সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।”
