১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নওগাঁর সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক উদ দৌলাহ আর নেই

তার মৃত্যুর খবরে জেলার সাংস্কৃতিক অঙ্গন ও জেলা প্রশাসকের কার্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 09:45 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

নওগাঁর সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্ব রফিক উদ দৌলাহ রাব্বী মারা গেছেন। 

রোববার গভীর রাত সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন। 

শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হলে রোববার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

রফিক উদ দৌলাহ রাব্বী (৫৯) নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।  তার মৃত্যুর খবরে জেলার সাংস্কৃতিক অঙ্গন ও জেলা প্রশাসকের কার্যালয়ে শোকের ছায়া নেমে আসে।

সকালে তার মরদেহ নওগাঁয় পৌঁছালে সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের মানুষ তাকে এক নজর দেখার জন্য ছুটে আসেন। 

রফিক উদ দৌলাহ রাব্বী আবৃত্তি সংগঠন ‘আপন’ এর সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতাও। এ ছাড়া সামাজিক সংগঠন একুশে পরিষদ, সাংস্কৃতিক সংগঠন কবি শাহ আলম চৌধুরী চারু পাঠ, হাতে খড়ি নওগাঁ, সংগীত নিকেতন, বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমী, নৃত্য সংগঠন নৃতাঞ্জলি একাডেমি, নৃত্য রং একাডেমি, জহির রায়হান চলচ্চিত্র সংসদ, বাংলাদেশ লোকজ সংস্কৃতি ফোরাম, শিশু বিকাশ নওগাঁ, ঐকতান নওগাঁ, সপ্তক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি নানাভাবে সম্পৃক্ত ছিলেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী ছিলেন। এ ছাড়া আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।  

রফিক উদ দৌলাহ রাব্বী প্রথম নামাজে জানাজা সোমবার বাদ জোহর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

আড়াইটায় তার মরদেহ কেন্দ্রীয় মিনারে নেওয়া হয়। সেখানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। 

বাদ আসর নওজোয়ান মাঠে দ্বিতীয় জানাজা শেষে নওগাঁ কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।