২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনায় রিজভী

কালো টাকা পাচারকারীরা দেশে অস্থিরতা সৃষ্টি করছে বলেও দাবি করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 11:03 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

তিনি বলেছেন, “গোটা পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে একভাবে দেখেছে, আর তারা (ভারত) দেখছে অন্যভাবে।” 

গত ১৯ জুলাই সিলেটে ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাবের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার দুপুরে সিলেট নগরীর যতরপুর এলাকায় যান তিনি।  

তুরাবের বাসায় তার মা মমতাজ বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন রিজভী।

সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্র গুলি করা হয় অভিযোগ করে রিজভী বলেন, “কিছুদিন আগেও মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে।

“কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কখনো মারামারিতে ধনঞ্জয়, সুকুমারের মত কেউ মারা গেলে ভারতের পলিসি মেকাররা বিভিন্ন রাজনীতি করার চেষ্টা করেন। কিন্তু সীমান্তে বাংলাদেশিদের পাখির মত গুলি করে হত্যার সময় কারও পরিচয় জানার চেষ্টাও করা হয় না।”

কালো টাকা পাচারকারীরা দেশে অস্থিরতা সৃষ্টি করছে দাবি করে তিনি বলেন, “কালো টাকা পাচারকারীরা দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।”

কয়েক দিন ধরে তৈরি পোশাক কারখানায় চলা অস্থিরতার কথা তুলে ধরে তিনি বলেন, “এ ঘটনায় এর মধ্যে যারা ধরা পড়ছেন, তাদের অনেকেই যুবলীগ ও আওয়ামী লীগের লোক। 

“তার মানে, চক্রান্ত হচ্ছে। এটা কথার কথা নয়, সত্যিকার ঘটনা। প্রকৃত ঘটনা। কালো টাকা দিয়ে নানা প্রকার অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রিজভী বলেন, “পরাজিত ঘাতকেরা যেন কোনো দিক থেকে কোনোভাবেই মাথাচাড়া না দিতে পারে সে জন্য দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।”

এ সময় সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, জেলা কমিটির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ছিলেন।