২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মব জাস্টিস’ সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা

সাভার উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।

‘মব জাস্টিস’ সরকার কোনোভাবেই বরদাশত করে না: রিজওয়ানা
সাভারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

সরকার কোনোভাবেই ‘মব জাস্টিস’ বরদাশত করে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, “সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে। সেটি হচ্ছে, ‘মব জাস্টিস’ সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোনো সরকার বা সরকারি দলের তো কোনো সম্পর্ক নেই। 

“যখনি ‘মব জাস্টিস’ হচ্ছে, অন্তত গত তিন-চার মাস আপনারা দেখেছেন, যখনি ‘মব জাস্টিস’ ঘটছে, আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং কোনো আসামি আর বের হতে পারছে না।”

শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।  

এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

আমিনবাজারের বর্জ্য কিভাবে সরিয়ে কী পদ্ধতিতে শেষ করা হয় সেটা চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা বলা হচ্ছে। আমিনবাজার ও ট্যানারি সরকারের কর্ম পরিকল্পনার মধ্যে আছে বলে জানান তিনি। 

নদী ও খাল সংস্কার এবং পুনরুদ্ধার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের সময়টা তো অল্প। এই অল্প সময়ে আমরা ঢাকা শহরে ২০টা খাল ও তুরাগ নদীটা ধরেছি। এগুলোর জন্য আমরা অর্থও জোগাড় করছি, কাজও শুরু হয়ে গেছে। তুরাগটা হয়তো কাজ শুরু হয়ে যাবে এবং আশা করি, বেশি দেরি হলেও ফেব্রুয়ারিতে।”

সৈয়দা রিজওয়ানা হাসান এ সময় ট্যানারির দূষণ প্রসঙ্গে বলেন, “এটা অবশ্যই আমার মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু এটা আসলে ফোকাল পয়েন্ট হিসেবে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়কে। শিল্প মন্ত্রণালয় বিসিকের মাধ্যমে সিইটিপি চালাতে গিয়ে দেখেছে, নানান সংস্থার নানান রকম কূটকৌশল এবং অদক্ষতার কারণে এই সিইটিপি কখনও কার্যকর করা হয়নি। সেজন্য এই সিইটিপিটা বিসিকের হাত থেকে পরিচালনা সরিয়ে এনে নতুন করে সিইটিপি করা ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। বিষয়টি শিল্প মন্ত্রণালয় আপনাদের ভালো ব্যাখ্যা দিতে পারবে।”

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার উপস্থিত ছিলেন।