পঞ্চগড়ের জনপদ ঢেকেছে ঘন কুয়াশায়
মাঝরাত থেকে বেশ শীত অনুভূত হতে থাকে। টিনের চালে টপটপ করে শিশির পড়তে শুনেন বাসিন্দারা।
উত্তরাঞ্চলের হিমালয়কন্যা বলে খ্যাত পঞ্চগড় জেলাতে হেমন্তে শিহরিত করছে শীত।
শনিবার সকাল ৯টায় ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার যা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
কয়েকদিন ধরেই ১৬ থেকে ১৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হচ্ছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে ঢাকা পথঘাট ও মাঠ। ঘাসের ডগায় চিকচিক করছে শিশিরকণা। কুয়াশা জড়ানো প্রকৃতি। নবান্নের আয়োজনে কৃষকরা শিশির মাড়িয়ে ছুটছেন মাঠে।
ক্ষেতে ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। পাথর-চা শ্রমিক, ভ্যানচালক জীবিকার তাগিদে কাজে বের হন।
স্থানীয়রা জানান, দিনে শীতের মাত্রা কম অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকেই উত্তরের ঠান্ডা বাতাসে শীত লাগতে শুরু করে।
মাঝরাত থেকে বেশ শীত অনুভূত হতে থাকে। টিনের চালে টপটপ করে শিশির পড়তে শোনা যায়।
শীত ঠেকাতে গরম কাপড় বের করতে হয়েছে। ভোর পর্যন্ত গায়ে লেপ-কম্বল-কাঁথা নিতে হচ্ছে।
সকালে বেলা বাড়লেও ঘন কুয়াশ ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।
সকাল ৮টা পর্যন্ত রাস্তায় যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
দিনের বেলাও কখনও কখনও কুয়াশা ও মেঘের চাদরে ঢাকা থাকতে দেখা গেছে।
আবহাওয়াবিদদের মতে, আশ্বিন মাস থেকে মৌসুমী বায়ু কম সক্রিয় এবং উত্তরীয় বায়ুর কিছুটা প্রভাব থাকায় শেষ রাতে শীত নেমে এলে ঠান্ডা অনুভূত হয়।
বিশেষ করে মৌসুমী বায়ু যখন বাংলাদেশের ওপর আর সক্রিয় থাকবে না। অক্টোবর থেকে উত্তরাঞ্চলে কুয়াশা পড়া শুরু হয়। এখন থেকেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমতে থাকবে। নভেম্বরের শুরু হয়ে ডিসেম্বর-জানুয়ারিতে পুরোপুরি শীতের প্রভাব পড়বে।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, “শীত পড়ে গেছে। ভোর থেকে সকাল কুয়াশা দেখা যাচ্ছে।
“শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রেকর্ড হয় ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে, তাপমাত্রা তত কমতে থাকবে।”
এদিকে, ঋতু পরিবর্তনের প্রাক্কালে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ-ব্যাধি।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাঁশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
