১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাবনায় বৃদ্ধাকে গলা কেটে হত্যা, প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিলেন পাশের বাড়ি

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যেই বৃদ্ধার ওপর এ হামলা করা হয়েছে। তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

পাবনার বেড়া উপজেলায় ঘরে ঢুকে এক বৃদ্ধাকে গলা কেটে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে। পরে দৌঁড়ে পাশের বাড়িতে গেলেও প্রাণে বাঁচতে পারেননি তিনি। 

রোববার সন্ধ্যায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পেচাকোলা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র সরকার। 

নিহত রহিমা খাতুন (৯০) ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তারের স্ত্রী। তিনি পাঁচ মেয়ে ও তিন ছেলে সন্তানের জননী ছিলেন এবং কবিরাজি পেশায় যুক্ত ছিলেন। তিনি বাড়িতে একাই থাকতেন।  

স্থানীয়দের বরাতে ওসি নিতাই চন্দ্র বলেন, সন্ধ্যায় মাগরিবের আযানের সময় গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি থেকে চিৎকার করে দৌড়ে পাশের আ. হানিফের বাড়িতে যান রহিমা। সেখানে গিয়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের ধারণা, ডাকাতির উদ্দেশ্যেই বৃদ্ধার ওপর এই হামলা করা হয়েছে। তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে। হয়তো অপরাধীদের চিনে ফেলায় এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার রহস্য উদঘাটনে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরেজমিনে তথ্য সংগ্রহ করছেন।