হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি ৭৭ শিশু
২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ জনে।
শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) চিকিৎসক মুহাম্মদ মাইনউদ্দিন খান।
তিনি বলেন, বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে ভর্তি আছে ৭৭ শিশু। ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৭১ শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮৪ শিশু। আর মৃত্যু হয়েছে ১০ শিশুর।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিকিৎসক গোলাম মাওলা বলেন, প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হচ্ছে। সবাইকে সচেতন না হলে অবস্থা আরও ভয়াবহ হবে।
তবে জনবল সংকটের মধ্যেও সর্বোচ্চ চিকিৎসা সেবা অব্যাহত রাখার কথা বলেছেন তিনি।
