Published : 23 Jun 2026, 01:31 PM
নাটোরের লালপুরের সাজিদ জুট মিলসে ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনার আটঘরিয়ার হায়দারপুর এলাকার মাহাতাব মৃধা, পাবনা সদরের মাছিমপুরের লিটন প্রামাণিক, আটঘরিয়ার তারাপাশার সেলিম হোসেন, সদরের চরঘোষপুরের সাদ্দাম হোসেন, ছাকান মার্কেটের আব্দুল খালেক এবং সদরের কাষাখালী এলাকার সাগর শেখ।
তাদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারিচালিত ভ্যান ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ মে রাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় সাজিদ জুট মিলে ১২-১৪ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে চার কর্মচারীকে বেঁধে সারারাত মালামাল লুণ্ঠন করে। পরে একটি পিকআপ ভ্যানে করে ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল নিয়ে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় জুট মিলের মালিক লালপুর থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার শরীফুল হক বলেন, সোমবার রাতে পাবনা শহর ও আটঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।