২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে দুই সতিন, ছোটর সমর্থনে বড়কে তালাকের নোটিশ

বড় স্ত্রী বলেন, ৩২ বছর সংসার করার পর হঠাৎ তালাকের নোটিশ পেয়ে হতাশ হয়েছেন; তবে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না।

ভোটে দুই সতিন, ছোটর সমর্থনে বড়কে তালাকের নোটিশ

স্বামীর সঙ্গে ছোট স্ত্রী ফিরোজা খাতুন

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 11:03 PM

Updated : 17 Sep 2022, 11:37 PM

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে দুই সতিন একই ওয়ার্ডে ভোটের লড়াইয়ে নামায় একজনকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্বামী।

সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য পদের এই দুই প্রার্থী হলেন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন।

এরা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই মাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হকের স্ত্রী।

বৃহস্পতিবার [১৫ সেপ্টেম্বর] তারা দুইজনই মনোনয়নপত্র দাখিল করেছেন।

ছোট স্ত্রী ফিরোজা খাতুনকে সমর্থন দিচ্ছেন স্বামী। আর বড় স্ত্রী নাছিমা বেগমকে পাঠিয়েছেন তালাকের নোটিশ।

তাদের স্বামী রোজাউল হক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।

বাগমারার প্রভাবশালী এই পরিবার এখন ব্যাপক আলোচনায় এসেছে।

বড় স্ত্রী নাছিমা বেগম বলেন, জেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেন।

স্থানীয় সংসদ সদস্যসহ পারিবারিক সর্মথন তার পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “৩২ বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করে আসছি। এ বয়সে হঠাৎ তালাক নোটিশ পেয়ে হতাশ হয়েছি। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াব না।”

তার স্বামী রেজাউল হক বলেন, “ছোট স্ত্রী ফিরোজা খাতুন আমার সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। অনেক আগে থেকে আমার ইচ্ছায় সে রাজনীতির ময়দানে নেমেছে।

“নিষেধ করার পরও মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাক নোটিশ পাঠিয়েছি। এরপরও যদি সে মনোনয়নপত্র প্রত্যাহার না করে তবে ৩২ বছরের সংসার ভাঙতে বাধ্য হব।”

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার আবুল হোসেন জানান, এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন দাখিল করেছেন। এবার ভোটার ১ হাজার ১৮৫ জন।

Image

বড় স্ত্রী নাছিমা বেগম

তিনি আরও জানান, জেলার বাগমারা, মোহনপুর ও দুর্গাপুর উপজেলা নিয়ে সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন। ভোটার সংখ্যা ৪৩৭ ভোট। এর মধ্যে বাগমারা উপজেলায় ২৩৭, মোহনপুর উপজেলায় ৯৪ ও দুর্গাপুর উপজেলায় ১০৬ ভোট।

আবুল হোসেন জানান, ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১৭ অক্টোবর।