মিয়ানমারের জলসীমায় প্রবেশকারী ১২২ জেলেকে আটক করল কোস্ট গার্ড
নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে অভ্যন্তরে মাছ ধরার সময় বাংলাদেশি ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করে ফেরত নিয়ে আসা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে জলসীমা অতিক্রমের অভিযোগে ১২২ মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্ট গার্ড। এদের মধ্য ৯৩ রোহিঙ্গা রয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর জানান।
বিকালে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এতে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়া বাংলাদেশি জেলেদের আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে।”
এমন পরিস্থিতিতে অভিযান চালিয়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে অভ্যন্তরে মাছ ধরার সময় বাংলাদেশি ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে আটক করে ফেরত নিয়ে আসা হয়েছে। তাদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলে জানায় কোস্ট গার্ড।
ট্রলার মালিকদের তথ্য অনুযায়ী, ৫ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ২৩ দিনে আরাকান আর্মি ১০টি ট্রলারসহ ৬৩ জন জেলেকে ধরে নিয়ে গেছে।
গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে গোষ্ঠীটি ২৬৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। তাদের মধ্যে ১৮৯ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে।
