যশোর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৩ জনকে ঠেলে দিল বিএসএফ
ফেরত আসাদের মধ্যে দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন।
যশোরের শার্শা সীমান্ত দিয়ে তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ; যাদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। পরে তাদের আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে শালকোনা সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বলে জানিয়েছেন শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম।
ফেরত আসারা হলেন- খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার প্রয়াত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সঙ্গে আসা আনোয়ার হোসেন (২৫) ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের আফজাল শেখের ছেলে।
শাহিন শেখ সাংবাদিকদের বলেন, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। ৫ অগাস্ট ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
কয়েক দিন ক্যাম্পে আটকে রাখার পর শুক্রবার রাত ৩টার দিকে তাদেরকে সীমান্ত পার করে দেয় বিএসএফ। পরে পুলিশ তাদের আটক করে।
তবে তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে শাহিন শেখ বলেন, “আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সঙ্গে দেখা হয়।”
ওসি রবিউল ইসলাম বলেন, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে টহল দেওয়ার সময় ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তারা জানান, বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়েছে। পরে তাদের থানায় নেওয়া হয়।
তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ বলেন, ঘটনাটি তাদের জানা নেই।
