মানিকগঞ্জে বিএনপি নেতার বাসা ভাঙচুর মামলা: ৫ ইউপি চেয়ারম্যান কারাগারে
তারা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিনে ছিলেন।
মানিকগঞ্জের হরিরামপুরে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাদের কারাগারে পাঠানোর রায় ঘোষণা করেন বলে আদালতের পিপি নুরতাজ আলম বাহার জানিয়েছেন।
কারাগারে যাওয়াদের মধ্যে আছেন বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন কুন্নু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাল্লা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ।
এছাড়া বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ ও চালা ইউপি চেয়ারম্যানের ভাই কাজী বাদলও রয়েছেন।
মানিকগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, ওই সাত আসামি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিনে ছিলেন। জামিন শেষ হওয়ায় এদিন তারা আদালতে হাজির হয়ে ফের জামিন চান। আদালত আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান হচ্ছিল জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে।
সেখানে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।
মামলায় ওই সাতজন এজাহারভুক্ত আসামি।
