২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনা টাকা চাওয়ায় কলা ব্যবসায়ীকে গলা টিপে হত্যা

মুক্তাগাছা থানার ওসি বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2026, 10:23 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক কলা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে মুক্তাগাছা-মধুপুর সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম।

নিহত শফিকুল ইসলাম শফু (৩৫) উপজেলার চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে। তিনি পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

পুলিশ জানায়, শফিকুল ইসলাম শফু রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে তিন হাজার টাকা পেতেন। শনিবার বিকালে তিনি টাকা চাইতে গেলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ সময় আল আমীন শফিকুলকে দোকানের শাটারের সঙ্গে ধাক্কা দিয়ে গলা চেপে ধরেন। এতে শফিকুল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বকুল মুন্সী নামে একজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”