জাপার সাবেক এমপি পনিরের মনোনয়নপত্র বাতিল
তিনি কুড়িগ্রাম-২ (সদর-ফুলবাড়ী-রাজারহাট) আসনের সাবেক সংসদ সদস্য।
কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সাংবাদিকদের বলেন, মামলার তথ্য গোপন করায় পনির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমানের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে সদর, ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে নয়জনের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ গণ্য করা হয়েছে।
তারা হলেন- বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ, জামায়াতে ইসলামীর ইয়াছিন আলী সরকার, ইসলামী আন্দোলনের মাওলানা নূর বখত, এনসিপির আতিকুর রহমান মুজাহিদ, এবি পার্টির নজরুল ইসলাম খাঁন, নাগরিক ঐক্যের মুহাম্মদ আব্দুস সালাম এবং সিপিবির নূর মোহাম্মদ।
জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, এ ছাড়া কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনে ছয়জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- বিএনপির সাইফুর রহমান রানা, জামায়াতে ইসলামীর আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের হারিসুল বারী রনি, জাকের পার্টির আব্দুল হাই, গণঅধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা।
