বান্দরবানে নিখোঁজ ৪ বছরের শিশুর লাশ মিলল ফুফুর কক্ষে
খোঁজাখুজির এক পর্যায়ে বিকালে সিসিটিভি ফুটেজ দেখে ফুফু নারগিস সুলতানার বিষয়ে সন্দেহ তৈরি হয়।
বান্দরবান সদর উপজেলায় চার বছর বয়সি এক শিশুর মরদেহ তার ফুফুর কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ফুফুকে।
সোমবার বিকালে উপজেলার সুয়ালক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ।
নিহত তাইফা সুলতানা (৪) ওই এলাকার টিপু খানের মেয়ে। তার ফুফু নারগিস সুলতানা (৫২) তাদের সঙ্গে একই বাসায় থাকেন।
শিশু পরিবারের বরাতে ওসি মাসুদ পারভেজ বলেন, সোমবার সকাল থেকে তাইফা সুলতানাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
খোঁজাখুজির এক পর্যায়ে বিকালে সিসিটিভি ফুটেজ দেখে ফুফু নারগিস সুলতানার বিষয়ে সন্দেহ তৈরি হয়। পরে তার কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্স থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।
শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, স্থানীয়রা নারগিস সুলতানাকে মানসিক রোগী হিসেবে বলছেন। কিন্তু তিনি আগে থেকে কোথাও মানসিক চিকিৎসা নিয়েছেন কিনা বা কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন কিনা তা যাচাই করা হচ্ছে।
“তিনি আসলে মানসিক রোগী কিংবা হিতাহিত জ্ঞান হারিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন কিনা তদন্তের বিষয়। তদন্ত চলমান আছে।”
এই ঘটনায় আটক নারগিস সুলতানার বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।
