শেখ হাসিনাকে রিমান্ডে দেখতে চান রিজভী
“আওয়ামী লীগের লোকেরা দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটে নিয়ে পালিয়ে গেছেন। তাদের কেউ তাড়িয়ে দেয়নি।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রিমান্ডে নিলেই গুম হওয়া ব্যক্তিদের খোঁজ মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “লাকসামের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে গুম করেছে আওয়ামী লীগ।
“শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যদি রিমান্ডে নেওয়া যায় তাহলে হিরু-হুমায়ুনসহ গুম হওয়া লোকজনের খোঁজ মিলবে।”
মঙ্গলবার রাতে কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দলের উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের সহযোগিতায় ঝাঁপিয়ে পড়েছেন। আওয়ামী লীগের লোকেরা দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা লুটে নিয়ে পালিয়ে গেছেন। তাদের কেউ তাড়িয়ে দেয়নি। বরং বিগত ১৬ বছরের কৃতকর্মের জন্য তারা নিজেরাই পালিয়ে গেছেন। বিএনপি কখনো দুঃশাসনকে প্রশ্রয় দেয় না।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এসএম জিলানী দেন।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, সাবেক ফুটবলার ও ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
এ সময় লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম মানু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুশু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেসবাহুল ইসলাম ফয়সালসহ স্থানীয় নেতারা ছিলেন।
