১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সীমান্তে বিজিবির বাধার মুখে বেড়া দেওয়া বন্ধ করল বিএসএফ

স্থানীয়রা বিজিবিকে  জানানোর পর সেখানে বেড়া নির্মাণে বাধা দেওয়া হয়। পরে বিএসএফ কাজ বন্ধ রাখে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধার মুখে দ্বিতীয় দফা কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ করল ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী-বিএসএফ।

উপজেলার ধরন্জী ইউনিয়নের উচনা-ঘোনাপাড়া ২৮১ নম্বর পিলার এলাকার সীমান্তে দ্বিতীয় দফায় কাঁটাতারের বেড়া দিতে নিষেধ করা হয়। 

পরে রোববার দুপুরে বিজিবির সঙ্গে বৈঠকের পর বিএসএফ বেড়া দেওয়া বন্ধ রাখে বলে জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী।   

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিজিবি ক্যাম্পের  উচনা-ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৩৭ ও ৩৮ নম্বর সাব পিলার এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নেন। তখন বিজিবি সদস্যরা তাতে বাধা দেন। বিএসএফ বেড়ার নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে বিজিবি কর্মকর্তা সাইদুল বারী জানান।   

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ওই অংশের মেইন পিলার ২৮০ নম্বরের সাব পিলার ১২ ও ১৩ নম্বরের ভারতীয় অভ্যন্তরের ৫ থেকে ১০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ সদস্যরা। 

স্থানীয়রা বিজিবিকে বলার পর সেখানে বেড়া নির্মাণে বাধা দেওয়া হয়। পরে বিএসএফ কাজ বন্ধ রাখে। 

ওই এলাকার স্থানীয় ধরঞ্জী ইউপির সদস্য লাইজুর রহমান বলেন, “জানানো হলে শনিবার প্রথম দফা বেড়া নির্মাণে বাধা দেন বিজিবি সদস্যরা। পরে রোববার সকালে আবার তারা কাজ শুরু করেন। এরপর বিজিবি এসে দ্বিতীয় দফায় বাধা দিয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করে। 

২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, “বিষয়টি জানতে পেরে আমরা বাধা দিয়েছি; তারা কাজ স্থগিত রেখেছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে, আর কাজ করবে না বলে জানিয়েছে।”

যে অংশে কাজ করেছে, সেটি তুলে নিয়ে যাবে বলে বিএসএফ জানিয়েছে বলে দাবি নাহিদ নেওয়াজের।

আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমানার ১৫০ গজের মধ্যে যেকোনো প্রকার বেড়া দেওয়ায় নিষেধ রয়েছে।