২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন

২০১২ সালের ৮ সেপ্টেম্বর ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানান পিপি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 06:37 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচজন। 

সোমবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আব্দুল কদ্দুস।

দণ্ড পাওয়া সাব্বির (৩২) উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে।

পিপি আব্দুল কদ্দুস জানান, ২০১২ সালের ৮ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীকে অপহরণ করা হয়। দুই দিন পর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা করেন। মামলায় সাত জনকে আসামি করা হয়। 

তদন্ত শেষে ২০১২ সালের ৩১ ডিসেম্বর ধনবাড়ী থানার তৎকালীন এসআই সোরহাব হোসেন ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

মামলা চলাকালে আসামিরা জামিন পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামি বেকসুর খালাস পেয়েছেন বলে জানান পিপি।