চট্টগ্রামে গ্যাস লাইনে লিকেজ, চাঁদপুরে সরবরাহ বন্ধ
রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
চট্টগ্রামে পাইপ লাইনে লিকেজে দেখা দেওয়ায় চাঁদপুর শহরে আবাসিকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে বুধবার সকাল থেকে ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা।
বৃহস্পতিবার রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক (হিসাব বিভাগ) সৈকত হোসেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির চাঁদপুর কার্যালয় জানিয়েছে, চট্টগ্রামে ৪২ ইঞ্চি সঞ্চালন পাইপলাইনে ছিদ্র হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ বিঘ্ন হচ্ছে।
পাইপ মেরামতের কাজ চলছে, আজকের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক মোবারক হোসেন।
শহরের নাজিপাড়া এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ ও হাবিবুর রহমান জানান, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দারা বিপাকে পড়েছেন। বাড়িতে চুলা না জ্বলায় হোটেল থেকে খাবার কিনে খেতে হয়েছে অনেককে।
কুমিল্লা কার্যালয়ের ব্যবস্থাপক সৈকত হোসেন বলেন, চট্টগ্রাম আনোয়ার এলাকায় মেরামত কাজ চলছে। প্রাকৃতিক কোনো সমস্যা না দেখা দিলে রাতের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।
