১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে একদিনে তিন কারখানায় প্রাণ হারালেন ৪ শ্রমিক

পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুইজন, অসুস্থ হয়ে একজন এবং পড়ে গিয়ে মাথায় রডের আঘাত পেয়ে একজন মারা গেছেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2026, 06:25 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আলাদা তিন কারখানায় একদিনে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

এর মধ্যে উপজেলার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানায় পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুইজন, ভরাডোবায় এক্সপেরিয়েন্স পোশাক কারখানায় অসুস্থ হয়ে একজন এবং এনভয় কারখানায় পড়ে গিয়ে মাথায় রডের আঘাত পেয়ে এক শ্রমিকের মৃত্যু হয়।

শুক্রবার রাত ২টা থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি।

সিরামিকস কারখানায় নিহতরা হলেন- খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোণা জেলার রুমেল (২৫)।

এনভয় কারখানায় নিহতের নাম জাবেদ হোসেন (৩০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। এক্সপেরিয়েন্স পোশাক কারখানায় নিহত আলামিন (২৫) ত্রিশাল উপজেলার বাসিন্দা।

পুলিশ পরিদর্শক ইমারত গাজি বলেন, সিরামিকস কারখানায় নিহত দুই শ্রমিক নিয়মিক শ্রমিক না। তারা দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সকাল ১০টার দিকে তারা সিরামিকস কারখানার পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করছিলেন।

তাদের মধ্যে শফিকুল প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন। নামার পর শফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমেল তার সন্ধানে ট্যাংকে নামেন। এক পর্যায়ে তারা ট্যাংকের ভেতর অজ্ঞান হয়ে পড়েন।

তিনি বলেন, বিষয়টি অন্য শ্রমিকরা টের পেয়ে তাদের উদ্ধার প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের ময়মনসিংহে পাঠানো হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইমারত গাজি বলেন, সকালে ভরাডোবা এলাকার পাকিস্তানি মিলে কাজে যোগ দিলে আলামিন অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আলামিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এনভয় কারখানায় ফ্লোরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে গিয়ে রডে আঘাত পান জাবেদ হোসেন।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি।