২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে বিএনপির সাইনবোর্ড

এটি নিজস্ব সম্পত্তি দাবি করে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বলেন, “বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2024, 08:15 PM

Updated : 26 Aug 2026, 10:14 AM

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাইনবোর্ড লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির বহিষ্কৃত এক নেতার বিরুদ্ধে।  

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক বহিষ্কৃত আব্দুর রাজ্জাক মণ্ডল এ সাইনবোর্ড লাগিয়েছেন বলে অভিযোগ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের।

তিনি অভিযোগ করেন, “আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগের পর ৫ অগাস্ট বিকালে প্রথমে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করে বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীরা।” 

তার ভাষ্য, “৬ অগাস্ট বিএনপির বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে কার্যালয়ের প্রধান ফটক থেকে আওয়ামী লীগের সাইনবোর্ড নামিয়ে বেলকুচি উপজেলা বিএনপির শাখা কার্যালয়ের নামে সাইনবোর্ড লাগানো হয়েছে।” 

এরপর থেকে রাজ্জাক মণ্ডল লোকজন নিয়ে প্রতিনিয়ত অফিসে আড্ডা দিচ্ছেন বলে অভিযোগ আব্দুল লতিফ বিশ্বাসের। 

তিনি আরো বলেন, “অফিসের ওই জায়গাটি রাজ্জাক মণ্ডলের চাচা আব্দুল হাই মণ্ডলসহ অন্য ওয়ারিশদের কাছ থেকে ক্রয় করে ২০১৭ সালের পর আমি নিজে বিল্ডিং নির্মাণ করে আওয়ামী লীগ অফিস বানিয়েছি।” 

এটি তার নিজস্ব সম্পত্তি দাবি করে আব্দুল লতিফ বলেন, “বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানিয়েছি।” 

এ বিষয়ে জানতে আব্দুর রাজ্জাক মণ্ডলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি। 

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সোমবার বিকালে বলেন, “অন্য কোনো দলের অফিস দখল করার পক্ষে আমরা নই। রাজ্জাক মণ্ডল বিএনপির বহিষ্কৃত নেতা। এখনও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়নি। আওয়ামী লীগ অফিস দখল করলে সে নিজ দায়িত্বে করেছে। এটার দায় বিএনপি নেবে না।”