Published : 08 May 2026, 04:30 PM
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে সিঁধ কেটে চুরির অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম।
নিহত সেলিম (৪০) কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পীলখঞ্জ এলাকার সিদ্দিকের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার ভোরে ছাতুয়া মাতালপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের বাড়িতে সিঁধ কেটে চোর প্রবেশ করে। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজনকে আটক করে মারধর করে স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য ও চানাচুর ব্যবসায়ী সুমন সাহার স্ত্রী পূর্ণিমা সাহা বলেন, সিঁধ কেটে দুই চোর তাদের ঘরে প্রবেশ করে। ঢুকেই তাকে ও তার শিশুসন্তানকে চাকু ধরে জিম্মি করা হয়। পরে ঘরে থাকা সাড়ে তিন লাখ টাকা, আট ভরি স্বর্ণালংকার এবং তার পরনে থাকা গয়না নিয়ে যায় চোরেরা।
তিনি বলেন, “ওরা পালিয়ে যাওয়ার সময় আমরা চিৎকার দিলে আমার ভাসুর একজনকে ধরার চেষ্টা করেন। পরে এলাকাবাসী এসে একজনকে আটক করে।’
এ ঘটনায় অন্য দুই চোর সাড়ে তিন লাখ টাকা ও সাড়ে আট ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা ও চুরিতে জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।