২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গাছে ঝুলছিল নারী পোশাক শ্রমিকের লাশ

পুলিশ জানায়, রহিমা দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন।

শেরপুরে গাছে ঝুলছিল নারী পোশাক শ্রমিকের লাশ
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2024, 07:36 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় গাছে ঝুলন্ত অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রানিশিমুল ইউনিয়নের বালিজুরি পাহাড়ি এলাকায় লাশটি পাওয়া যায় বলে শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান। 

নিহত রহিমা খাতুন (৪৫) বালিজুরি  অফিস পাড়া গ্রামের আহাম্মদ আলী মুন্সির মেয়ে। 

স্থানীয়দের বরাতে পরিদর্শক আব্দুল লতিফ বলেন, রহিমা ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। চার বছর আগে তার স্বামী মারা যান। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। রহিমা দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। 

“শনিবার সকালে স্থানীয়রা ওই এলাকায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রহিমার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।” 

পরিদর্শক বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে; রহিমার পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।