২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৪

নুভিস্তা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মোট ৬২ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা ভল্টে পাওয়া যায়নি।

বেক্সিমকো ফার্মার টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৪
গাজীপুর জেলা, ঢাকা বিভাগ, টাকা আত্মসাত, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সহকারী ক্যাশ অফিসার,

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 11:22 AM

Updated : 26 Aug 2026, 10:30 AM

গাজীপুরে বেক্সিমকো ফার্মার অফিসের ভল্ট থেকে ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সহকারী ক্যাশ অফিসারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নীলফামারী, রংপুর ও গাজীপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার রাতে জানিয়েছেন বাসন থানার ওসি জাহাঙ্গীর আলম।

গ্রেপ্তাররা হলেন, রংপুরের মরার পাড়া গ্রামের আবু বাহারের ছেলে মো. আবু বাশার (২৯)। তিনি নাওজোর এলাকায় ফয়সাল টাওয়ারে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস্ লিমিটেডের সহকারী অফিসার (ক্যাশ) ছিলেন।  

এছাড়া একই জেলার বাউল বাড়ি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), মির্জাপুর গ্রামের শাহজাহানের ছেলে ইব্রাহিম মিয়া (২২) ও জামালপুরের টিকারাকান্দি গ্রামের খোকা মিয়ার ছেলে আতিক হাসানকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি জাহাঙ্গীর বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টাকা আত্মসাতের ঘটনায় গত ১১ সেপ্টেম্বর সাব্বির আহম্মেদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা আবু বাশার গত ৮ সেপ্টেম্বর সকালে যথাসময়ে অফিসে না আসায় তার ব্যবহৃত মোবাইলে কল করলে তা বন্ধ পান বাদী। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। 

এক পর্যায়ে ক্যাশ সুপারভাইজার আতিক হাসানের সাহায্যে বাদীর কাছে থাকা চাবি দিয়ে টাকা রাখার ভল্টের তালা খুলে ও অফিসের রেজিষ্টার পর্যবেক্ষণ করে দেখতে পান যে, ভল্টে রাখা নুভিস্তা ফার্মাসিউটিক্যালসের ৫৬ হাজার ৫৫৮ টাকা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের টাকাসহ মোট ৬২ লাখ ৭৩ হাজার ৭২৫ টাকা নাই। 

পরে এ বিষয়ে বাসন থানার মামলা দায়ের করা হয়।

ওসি আরও বলেন, মামলার পর অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক এবং বিকাশ ব্যবসায়ী ইব্রাহিমকে রংপুর জেলার পীরগঞ্জ থানার বাউলবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় আব্দুর রাজ্জাকের কাছ থেকে আত্মসাৎ করা নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে এজাহার নামীয় আসামি আবু বাশারকে নীলফামারীর সবুজপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বাশার টাকা আত্মসাতের কথা স্বীকার করেছে বলেও জানান ওসি। 

আত্মসাৎকৃত টাকার মধ্যে ১৬ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে, সহযোগী আসামি আব্দুর রাজ্জাকের কাছে ১০ লাখ এবং অপর সহযোগী বেক্সিমকোতে কর্মরত ক্যাশ সুপারভাইজার আতিক হাসানের কাছ পাঁচ লাখ টাকা জমা রাখেন। এছাড়া অবশিষ্ট টাকা বিভিন্ন খাতে খরচ করেছেন বলে জানান আবু বাশার। 

ওসি জাহাঙ্গীর আলম বলেন, আবু বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ক্যাশ সুপার ভাইজার আতিক হাসানকে বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।