২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্মৃতি ধরে রাখতে বৃষ্টির ব্যবহৃত জিনিসপত্র ফেরত চান বাবা

পরিবারটির পাশে আছি- এই বার্তা দিতে জেলা প্রশাসক বৃষ্টির বাড়িতে যান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে খুনের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ এবং তার স্মৃতিকে ধরে রাখতে ব্যবহৃত জিনিসপত্র দেশে ফেরত আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন বাবা জহির উদ্দিন আকন।

সোমবার মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান। এ সময় বৃষ্টির বাবা বাড়িতে না থাকায় তার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি।

জহির উদ্দিন আকন বলেন, যুক্তরাষ্ট্রের পুলিশ এখনো তার মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে কোনো তথ্য দেয়নি।

তিনি বলেন, “আমার মেয়ের মরদেহ যেন দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়। পাশাপাশি তার ব্যবহৃত জিনিসপত্রও ফেরত দেওয়া হোক। এগুলোই আমাদের শেষ স্মৃতি হিসেবে রাখতে চাই।”

তিনি এ বিষয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এর আগে ডিসি মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বৃষ্টির বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজখবর নেন। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি বলেন, “বৃষ্টি আমাদেরই সন্তান। তার এমন মৃত্যু পুরো সমাজকে ব্যথিত করেছে। পরিবারটির পাশে আছি- এই বার্তা দিতে আমরা তার বাড়িতে এসেছি।”

তিনি বলেন, বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র পরিবারকে ফেরত দেওয়ার বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখছে।

নাহিদা সুলতানা বৃষ্টি ওই এলাকার জহির উদ্দিন আকন ও আলভী বেগম দম্পতির মেয়ে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃষ্টির মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

এ সময় বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, মো. ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।