ফরিদপুরে বাসের ধাক্কায় বাস উল্টে নিহত ২
“ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়।”
ফরিদপুরে এক বাসের ধাক্কায় আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গিয়ে দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী ৪০ বছর বয়সী শামসুন্নাহার।
নিহত অপরজন এক শিশু বলে পুলিশ জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।
ওসি রোকিবুজ্জামান বলেন, “ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে পাশ কাটাচ্ছিল। এ সময় সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়।
“পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।”
দুর্ঘটনা কবলিত ইউরো লাইন উদ্ধার এবং শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
