খেজুরের রস খেয়ে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২
সাভার থেকে মানিকগঞ্জের সিংগাইরে গিয়ে খেজুরের রস খেতে ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় খেজুরের রস খেতে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার গেড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম।
নিহতরা হলেন- সাভার উপজেলার পাথালিয়া ইউনিয়নের (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন) সন্দ্বীপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইউসুফ (১৫) এবং একই এলাকার মো. জাফর মিয়ার ছেলে মাহমুদুল হাসান মিরাজ (১৯)। ইউসুফ সাভার ডেইরি ফার্ম হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং মিরাজ সাভার সি এফ এম কলেজের ছাত্র ছিলেন।
ওসি মাজহারুল ইসলাম বলেন, সকালে সাভার থেকে মোটরসাইকেলে করে ১২ থেকে ১৩ জনের একটি দল খেজুরের রস খেতে সিংগাইর উপজেলায় যান। রস পান শেষে ফেরার পথে মাইক্রোবাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইউসুফ ও মিরাজ মারা যান।
খবর পেয়ে দুইজনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
