২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জে ডিসি কার্যালয়, কারখানায় হামলা

সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কয়েকটি কারখানায় ভাঙচুর চালানো হয়। আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। তাদের একটি অংশ ডিসি কার্যালয়ে ভাঙচুর চালায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2024, 06:38 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন নারায়ণগঞ্জে ডিসি কার্যালয়ের পাশাপাশি কয়েকটি কারখানায় হামলা হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়েছে।

রোববার বেলা ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে আন্দোলনকারীরা হাত তুলে হাঁটু গেড়ে সড়কের উপর বসে বসেন। পরে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে পুলিশ।

এতে অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের।

ঘটনাস্থলে থেকে  অন্তত ১৫ জনকে পুলিশের ছোড়া ছররা গুলিতে আহত অবস্থায় হাসপাতালে  যেতে দেখা গেছে। অচেতন অবস্থায় তাকে কয়েকজন কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে যাওয়া হয়।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা কোনোমতে দৌড়ে পালিয়ে নিরাপদ স্থানে অবস্থান নেন। 

এর আগে সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় কয়েকটি কারখানায় ভাঙচুর চালানো হয়। আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। তাদের একটি অংশ ডিসি কার্যালয়ে ভাঙচুর চালায়। পরে কার্যালয়ের সামনে ডিসি থিম পার্কে আগুন দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।

এ ঘটনায় অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওই সময় অন্তত তিনজনকে বঙ্গবন্ধু সড়ক দিয়ে হাসপাতালে নিতে দেখেছেন এই প্রতিবেদক।

তবে এ বিষয়ে প্রশাসনিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।