নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি
“ডিভাইস ব্যবহার করে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে মেধা পরাজিত হবে।”
প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
রোববার দুপুরে নওগাঁ শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন পরীক্ষাথী পাপ্পু রহমান, তুষার আহমেদ ও দোলেনা খানম।
মানববন্ধনে পরীক্ষার্থী তুষার আহমেদ পাঁচ দফা দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে- পরীক্ষা বাতিল ও দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিতে হবে, সব চাকরির পরীক্ষা ঢাকায় নিতে হবে, একটি স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সব পরীক্ষা নিতে হবে এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা নেওয়া যাবে না ইত্যাদি।
পরীক্ষাথী পাপ্পু রহমান বলেন, “ডিভাইস ব্যবহার করে যারা পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে মেধা পরাজিত হবে। কাজেই এই পরীক্ষা অবশ্যই বাতিল করতে হবে।”
