দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে বিএনপি মিথ্যাচার করছে: সিলেট জামায়াত
জামায়াত ইসলামী নেতারা সংবাদ সম্মেলনে এসে বিএনপির অভিযোগের বিষয়ে জবাব দেন।
সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সিলেটের নেতারা।
সোমবার দুপুরের দিকে সিলেট নগরীর ধোপাদিঘীরপার এলাকায় সিলেট-১ (মহানগর-সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহানগর জামায়াত আমির মো. ফখরুল ইসলাম এই অভিযোগ করেন।
রোববার বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, মাওলানা হাবিবুর রহমান হলফনামায় ব্যবসা ও ঋণ সংক্রান্ত তথ্য গোপন করেছেন। এই আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মোক্তাদির। সোমবার তার প্রার্থিতা বাতিল চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।
এই পরিপ্রেক্ষিতে জামায়াত ইসলামী নেতারা সংবাদ সম্মেলনে এসে বিএনপির অভিযোগের বিষয়ে জবাব দেন। তারা বলেন, বিএনপি প্রার্থীর ৮৪০ কোটি টাকা ঋণের তথ্য আড়াল করতেই ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে ঋণের অপপ্রচারে মেতে উঠেছেন তারা।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের সমন্বয়কারী ফখরুল ইসলাম বলেন, “যদি ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন তাহলে ১১ দলীয় জোটের বিজয় হবে। এজন্য প্রতিপক্ষ বন্ধুরা আবোল-তাবোল বকছেন। সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গে মাওলানা হাবিবুর রহমানের কোনো পার্টনারশিপ ব্যবসা কোনোদিন ছিল না। এটি নিয়েও তারা অপপ্রচার করছে।”
তিনি বলেন, “সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামায়াত আমির। সেই প্রতিষ্ঠানের সঙ্গে সব দলের, সব মতের মানুষ সম্পৃক্ত রয়েছেন। এমনকি সেই প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ভিন্ন ধর্মাবলম্বী অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছেন। এই প্রতিষ্ঠানের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী বিদেশি এবং তারা পাশের প্রতিবেশী দেশগুলোর। বিগত পূজা অনুষ্ঠানে শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে নির্বিঘ্নে পূজা উদযাপন করেছেন। এর মাধ্যমে আমরা যে অন্যধর্মের প্রতি কতটা শ্রদ্ধাশীল সেটা প্রমাণিত হয়।”
ফখরুল ইসলাম বলেন, “হাবিবুর রহমানের ব্যক্তিগত কোনো ঋণই যেখানে নেই, সেখানে তথ্য গোপনের প্রশ্নই আসে না। ইবনে সিনা পরিচালিত হয় ট্রাস্টের মাধ্যমে এবং সিলেটের ইবনে সিনার আল কারামাহ কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। মাওলানা হাবিবুর রহমান আল কারামা কোম্পানির একজন প্রতিনিধি এবং ইবনে সিনা হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান। ব্যক্তি হাবিবুর রহমানেরও কোনো ঋণ নেই।”
এ নিয়ে সিলেটবাসীকে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও সিলেট মহানগর নায়েবে আমির নূরুল ইসলাম বাবুল, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।
হাবিবুরের মনোনয়ন বাতিলের আবেদন
এদিকে সিলেট-১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলমের কাছে অভিযোগ করেন বলে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান।
লিখিত অভিযোগে বলা হয়, প্রার্থী তার হলফনামায় ঘোষণা করেছেন তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এর নথি অনুযায়ী তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক এবং আল কারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেডের শেয়ারহোল্ডার। যার ফলে তার হলফনামায় দেওয়া তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর।
এতে বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ২৪ কোটি এক লাখ ২৭ হাজার ৪৪৮ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে; যা বর্তমানে বকেয়া রয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্য স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনি আইন লঙ্ঘনের শামিল।
আরও পড়ুন:
