২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে নিজ দোকানে আগুনে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গফুর ভেতরে আটকা পড়েন বলে জানান বাজার কমিটির সভাপতি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 05:17 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি দোকানে আগুন লেগে দগ্ধ হয়ে এক ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। এতে পুড়ে গেছে দোকানের সব মালামাল।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি মাহবুবুর রহমান জানান।

নিহত ৬০ বছর বয়সি গফুর আলী উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার বলেন, “বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখি। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আমরা নেভানোর চেষ্টা করি। এ সময় দোকানের ভেতর আটকা পড়েন গফুর।

“খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। ঘটনার সময় গফুর ভাই দোকান থেকে বের হতে না পারায় দগ্ধ হয়ে মারা যান তিনি।”

তিনি বলেন, গফুরের দোকান থেকে আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট আট থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি মালিকদের।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা রাসেল মিয়া বলেন, দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ে দগ্ধ হয়ে মারা যান। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনে গফুরের দোকানের দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে অন্য কোনো দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মাহবুবুর রহমান।