২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় পানি বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি

বন্যায় দুই হাজার হেক্টর জমির ধান ও সবজি তলিয়ে যাওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

পদ্মায় পানি বৃদ্ধি, চাঁপাইনবাবগঞ্জে সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি
চাঁপাইনবাবগঞ্জ সদর‌ উপজেলায় বন্যায় তলিয়ে যাওয়া একটি এলাকা।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 05:19 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

কয়েক দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বেড়েই চলছে। এতে জেলার সদর‌ ও শিবগঞ্জ উপজেলার পদ্মা পাড়ের নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ।

বন্যায় দুই হাজার হেক্টর জমির ধান, ভুট্টা, শাকসবজি, কলা, হলুদ ও পেঁয়াজের বীজতলা তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তবে পদ্মা সতর্কসীমা অতিক্রম করলেও পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পদ্মা নদীর (পাঙ্খা গেজ স্টেশন) পানির উচ্চতা ছিল ২১ দশমিক ৭৩ মিটার; যা আগের দিনেও একই রকম ছিল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ত্রাণ শাখা জানিয়েছে, দুই উপজেলার এক হাজার ১০০ পরিবারের অত্যন্ত সাড়ে পাঁচ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান।

সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ১৫ বছর বা তারও আগে যারা বসতভিটা উঁচু করে বাড়ি বানিয়েছেন, তাদের বাড়িঘরে কেবল পানি ঢুকেনি। কিন্তু নদী ভাঙনের শিকার হয়ে যারা বসতভিটা হারিয়ে নিচু এলাকায় বাধ্য হয়ে বাড়ি করেছেন, তাদের ঘরে পানি ঢুকেছে। কেবল তারাই পানিবন্দি হয়ে আছেন।

তিনি বলেন, পানিবন্দি পরিবারের সংখ্যা ৫০০ থেকে ৬০০। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি ঢুকে ব্যাহত হচ্ছে পাঠদান। এমন বিদ্যালয়ে সংখ্যা- প্রাইমারি সাতটি, একটি উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আহসান হাবিব বলেন, পদ্মা নদীর ডেঞ্জার লেভেল ২০ দশমিক ৫৫ সেন্টিমিটার; যা এখন বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। তবে নদীতে পানি বৃদ্ধির হার কমেছে। উজানের ঢলের চাপও কমেছে। দুদিন পর থেকেই পানি কমতে শুরু করবে। 

এখন পর্যন্ত এটাকে পুরোপুরি বন্যা পরিস্থিতি বলা যায় না; তবে একে সাময়িক বন্যা পরিস্থিতি বলছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সদরের আলাতুলী ও নারায়নপুর ইউনিয়নের অনেক মানুষের বাড়িঘরে পানি ঢুকেছে। ফসলের জমি নিমজ্জিত হয়েছে, এটাকে বন্যা পরিস্থিতি বলা যায়। তবে পানি না বাড়লে বা কমতে শুরু করলে এটাকে স্বল্পমেয়াদি বা অস্থায়ী বন্যা বলা যেতে পারে।” 

বন্যা কবলিতদের জন্য ত্রাণ বিতরণের কথা জানিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার নারায়ণপুর ইউনিয়নে ৪০০ পরিবারকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। এর আগে বুধবার ১৫০ পরিবারে মধ্যে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি লবন ও ৪০০ গ্রাম মসলার প্যাকেট বিতরণ করা হয়েছে।

এ ছাড়া বুধবার আলাতুলি ইউনিয়নে ৬০০ পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও নুরুল ইসলাম।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন, উপজেলার পাকা, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের ৪৯৩ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসব ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন, পদ্মা ও বৃষ্টির পানি এক হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অন্তত দুই হাজার ১২ হেক্টর জমির ধান, ভুট্টা, শাকসবজি, কলা, হলুদ ও পেঁয়াজের বীজতলা তলিয়ে গেছে।

জেলা ত্রাণ শাখা জানিয়েছে, এক হাজার ১০০ পরিবারের অন্তত পাঁচ হাজার ৫০০ মানুষ বন্যার কবলে পড়েছে। এর মধ্যে সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫ টন চাল এবং শিবগঞ্জ উপজেলার বাসিন্দাদের ১৩ টন চাল বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী বলেন, সদর উপজেলায় ১০ ও শিবগঞ্জ উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। তবে বিকল্প স্থানে পাঠদানের চেষ্টা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন বলেন, শিবগঞ্জ উপজেলার নয়টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে। তবে সদর উপজেলার তালিকা এখনও তৈরি করা হয়নি। কাজ চলছে।