২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে লুট

“একদল ডাকাতদল বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 01:59 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের মাঝদক্ষিনা গ্রামে ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমানের বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

ডাকাতরা ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা, নগদ ২ লাখ টাকা ও জমির দলিল লুট করে নিয়ে গেছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।

ঈদের আগের দিন শুক্রবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান।

খলিলুর রহমানের স্ত্রী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লায়লা খলিল বলেন, “ঈদ উপলক্ষে ঢাকায় মেয়ের বাড়িতে এসেছি। বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে শুক্রবার রাতের কোনো এক সময়ে একদল ডাকাতদল বাড়ির গেট ও দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে।

“তারা ঘরের আলমিরা ও ওয়ারড্রপের তালা ভেঙে ২০ ভরি সোনা ও ৬০ ভরি রূপার গহনা ও নগদ ২ লাখ টাকা, জমির দলিলপত্র ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। বাড়ির অন্যান্য জিনিসপত্র তছনছ করেছে।”

এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সময় যেহেতু বাড়িতে কেউ ছিল না। কোনো মারধরের ঘটনা ঘটেনি। এটা ডাকাতি নয়, চুরি।”