‘আওয়ামী লীগের আমলে ৫৯ সাংবাদিক হত্যা’
লক্ষ্মীপুরের ১৬ সংবাদকর্মীকে ৫০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়।
আওয়ামী লীগের আমলে দেশে ৫৯ সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে তথ্য দিয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি বলেন, “বিগত দিনে এ অঞ্চলের সাংবাদিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা গত ১৪ মাস চেষ্টা করছি, মতবাদ-আদর্শ বিবেচনা না করে সত্যিকার অর্থেই যাদের প্রাপ্য, তাদেরকে সহযোগিতা করার জন্য।”
বুধবার বিকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। এ সময় ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের ১৬ সংবাদকর্মীকে ৫০ হাজার টাকা করে সহযোগিতা করা হয়।
সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ট সাংবাদিকতা প্রত্যাশা করে মন্তব্য করে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “বিগত দিনে সরকার গণমাধ্যমকে ভঙ্গুর করেছে, টুঁটি চেপে ধরেছে। গুজব ও নির্বাচনে বিশৃঙ্খলা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সজাগ ও সচেষ্ট থাকতে হবে।”
জেলা প্রশাসক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন, তৌহিদুর রহমান রেজা।
