২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাবা-ছেলে হত্যায় চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন

পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের ৭ অগাস্ট গভীর রাতে ধারালো অস্ত্রের আঘাতে নাঈম শেখ ঘটনাস্থলে এবং আড়াই মাস পর বাবা পিরু শেখ হাসপাতালে মারা যান।

খুলনায় বাবা-ছেলে হত্যায় চেয়ারম্যানসহ ১৭ জনের যাবজ্জীবন

খুলনায় বাবা-ছেলেকে হত্যার দায়ে ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে যাবজ্জীবন দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 05:10 PM

Updated : 04 Sep 2022, 06:29 PM

খুলনার তেরখাদা উপজেলায় বাবা-ছেলেকে হত্যার দায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রোববার সকালে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আহাদুজ্জামান জানান।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের চেয়ারম্যান এস এম দ্বীন ইসলাম (৫৪), শেখ আব্দুর রহমান (৫৫), জমির শেখ (২৫), শেখ সাইফুল ইসলাম (৩৫), খালিদ শেখ (৩২), এস্কেন্দার শেখ (৪২), জসিম শেখ (৩৫), হোসেন শেখ (৩০), জিয়ারুল শেখ (২৬), বাহারুল শেখ (২৪), আব্বাস শেখ (২৪), অহিদুল গাজী (৩৪), খায়রুল শেখ (৩৫), কেরামত মল্লিক (৩৫), মাহবুব শেখ (৪৯), বাবু শেখ (৩৫) ও নুর ইসলাম (৩৭)।

মামলার বরাতে আইনজীবী বলেন,পূর্ব শত্রুতার জেরে ২০১৯ সালের ৭ আগস্ট গভীর রাতে ছাগলাদাহ ইউনিয়নের পহরডাঙ্গা গ্রামে দুর্বৃত্তরা নাঈম শেখকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা এবং তার বাবা পিরু শেখকে আহত করে।

পরদিন নাঈমের মা মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আহত পিরু শেখ ২১ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ৩৪ জন সাক্ষ্য দেন।

আইনজীবী জানান, আদালত রায়ে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে আদালত দুজনকে খালাস দিয়েছে। তারা হলেন- আবু সাইদ বিশ্বাস (৩৫) ও আয়েব শেখ (৫০)।