Published : 20 May 2026, 06:17 PM
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াতে ইসলামী মিথ্যাচার করছে বলে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণায়ের মন্ত্রী বলেন, “‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা ছড়াচ্ছে, জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে- আমরা নাকি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন চাই না! অথচ আমরাই ‘জুলাই সনদ’ তৈরি করেছি, সংস্কার আমাদের, আমরাই সংস্কারের উদ্যোগ নিয়েছি। মিথ্যাচারের জন্য জনগণ জামায়াতকে ক্ষমা করবে না।

“আমি পরিষ্কার করে বলতেছি, জামায়াতকে কখনই এই দেশের জনগণ ক্ষমতা আনবে না। কারণ, তারা ১৯৭১ সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল; আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা-বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছে। জামায়াতকে কোনোভাবেই এই দেশের মানুষ ক্ষমতা আনতে পারে না।”
ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার লক্ষ্যে সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে বিমানবন্দরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিকভাবে করতে চাই; তার অর্থ এই নয় যে- আপনারা দেশের স্বাধীনতার বাইরে গিয়ে কথা বলবেন, অস্তিত্বের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা সেটা মেনে নিয়ে কাজ করব, এই দেশের মানুষ তা করতে দেবে না।
“আমি পরিষ্কার করে বলছি, মিথ্যাচার করবেন না, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা প্রতিটি শর্ত ‘জুলাই সনদে’ পালন করেছি।”
বিএনপি নেতা বলেন, “বাংলাদেশের রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। অতএব এখানে কোনো ধরনের বিভাজন থাকবে না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবে; সবাইকে একসঙ্গে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িকতা থাকবে না।”
আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর থেকে বিমান চলাচল করবে বলে আশা করছেন এলজিআরডি মন্ত্রী।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু ওয়াদা করেছেন, বিমানবন্দর চালুর ব্যাপারে সেহেতু এটি চালু হবে। দুই বছরের মধ্যে এই বিমানবন্দর থেকে বিমানে উঠে আপনারা ঢাকা যেতে পারবেন ইনশায়াল্লাহ। আমরা যাবতীয় কাজ যাচাই-বাছাই করছি। পরিকল্পনা হয়ে গেছে, এখন কাজ শুরু হবে।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, “আমরা বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। যত তাড়াতাড়ি সম্ভব এটি চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান হান্নু, দপ্তর সম্পাদক মো. মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাহেবুল্লাহ আবু নূর, এম এম মজিদুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল হামিদ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।