নেত্রকোণায় বজ্রপাতে শিক্ষক ও অটোরিকশা চালকের মৃত্যু
বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় শিক্ষক এবং অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় চালক বজ্রপাতের কবলে পড়েন।
নেত্রকোণার সদর উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক ও অটোরিকশা চালক নিহত হয়েছেন।
রোববার সকালে উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদ্রাসার পাশে এবং কাইলাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা মডেল থানার ওসি মো. আল মাসুন সরকার।
নিহত শিক্ষক জামাল মুন্সি ওই এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। আর অটোরিকশা চালক সবুজ মিয়া জেলা শহরের কাইলাটি এলাকার বাসিন্দা।
ওসি আল মাসুন সরকার বলেন, ফজরের নামাজ শেষ করে জামাল মুন্সি মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একইদিন সকালে সবুজ মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ্ আল বাকিউল বারী।
