বিএসএফ খুনিতে পরিণত হয়েছে: নাহিদ
“ভারতের অখণ্ডতা-স্বার্বভৌমত্বও বাংলাদেশের উপর নির্ভরশীল- এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায়।”
ভারতের সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ‘খুনিতে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, “ভারত কখনোই আমাদের মিত্র নয়। ভারতের সীমান্তরক্ষিরা খুনিতে পরিণত হয়েছে। তারা একের পর এক মানুষ হত্যা করে চলেছে। গতকালও (মঙ্গলবার) চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে একজনের লাশ পাঠিয়েছে বিএসএফ।”
দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে বুধবার দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপি এই কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই খুনিকেও আশ্রয় দিয়েছে ভারত।”
ভারতও সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর নির্ভরশীল মন্তব্য করে তিনি বলেন, “ভারতের অখণ্ডতা-স্বার্বভৌমত্বও বাংলাদেশের উপর নির্ভরশীল- এটা যাতে ভারত কোনোভাবেই ভুলে না যায়। ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক চায় তবে তা সমতা-ন্যায্যতা-মর্যাদার ভিত্তিতে হতে হবে।”
চাঁদাবাজ-দুর্নীতি-দখলদারিত্বে পুরো বাংলাদেশে ছেয়ে গেছে জানিয়ে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখছি, নানা ধরণের রাজনৈতিক অর্ন্তঃকোন্দলে বহু মানুষ মারা যাচ্ছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি আমরা বাংলাদেশে দেখতে চাই না।
“যে প্রতিবাদের জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে তা বন্ধ করবেন না। যারা চাঁদাবাজ-দখলদার- দুর্নীতিবাজদের পক্ষে তাদের বয়কট করুন। মানুষের শিক্ষা, স্বাস্থ্যসহ সব ধরণের সেবা পাওয়ার অধিকার আছে। আপনারা তা আদায় করে নেবেন।”
জুলাই গণঅভ্যত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম বলেন, “১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী বাংলাদেশ বিনির্মাণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫৪ বছরেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আমরা জুলাই ঘোষণাপত্র তৈরি করব। সেই ঘোষণাপত্রের আলোকে বাংলাদেশের ভবিষ্যত রূপরেখা তৈরি হবে।”
পথসভায় নাহিদ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।
