আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
গাছের কাছে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
নওগাঁর মান্দা উপজেলায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি খোরশেদ আলম।
নিহত মোশাররফ (১৭) তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া পূর্বপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানান, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সাবাই বাজার বাসস্ট্যান্ড এলাকায় আর্জেন্টিনার সমর্থকেরা পতাকা টাঙিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় ওই পতাকা নামাতে একটি গাছে ওঠে মোশাররফ।
এ সময় গাছের কাছে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
