২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে দুর্নীতিগ্রস্ত করে: রেজাউল করিম

দলটির নোয়াখালী জেলা উত্তরের সভাপতি নজীর আহমদ গণসমাবেশে সভাপতিত্ব করেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2024, 10:25 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

‘বাংলাদেশের সংবিধান সরকারকে অসীম ক্ষমতা দেয়’ দাবি করে ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম  বলেছেন, “অসীম ক্ষমতা মানুষকে নিশ্চিতভাবে চরম দুর্নীতিগ্রস্ত করে। এ কারণেই বাংলাদেশের যেকোনো সরকারই দানবে পরিণত হয়।“

বৃহস্পতিবার বিকালে নোয়াখালী জেলা ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, “বিগত ১৬ বছরে যারা দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে; সর্বত্র জুলুম-নির্যাতনের রাজত্ব কায়েম করে রেখেছিল সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

“একাত্তরে দেশ স্বাধীন হলেও বিগত সরকারের আমলে আমরা ছিলাম পরাধীন। ৫ অগাস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি।” 

ছাত্র-জনতার অর্জন ধরে রাখতে পরীক্ষিত দুর্নীতিবাজ, খুনি ও জুলুমবাজদের হাতে ক্ষমতা দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

বিকালে নোয়াখালী জেলা জামে মসজিদ চত্বরে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবিতে ও সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সভাপতি নজীর আহমদ গণসমাবেশে সভাপতিত্ব করেন। 

সমাবেশটির উদ্বোধন করেন দলটির নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাহমুদুর রহমান।

গণসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন খলিলুর রহমান, ছাত্রনেতা নুরুল বশর আজিজী, আবুল কাশেম আমিনী, জেলা সহসভাপতি ইউসুফ ভূঁইয়া, সেক্রেটারি আলাউদ্দিন হারুন, কামাল উদ্দিন, কাউসার আহমাদ, মুদ্দাচ্ছির হোসাইন, নুরুদ্দিন আমানতপুরী, ইকবাল হোসাইন, দিদার হোসাইন, হাবিবুর রহমান।