Published : 04 Jul 2026, 06:01 PM
সৌদি আরবে ওমরা পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টার দিকে মক্কায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নিহতের চাচা বেলাল হোসেন দীলিপ।
নিহত হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে। তিনি দুই ভাই ও চার বোনের মধ্যে বড় ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনার হিসেবে কাজ করতেন। কিছুদিন আগে তার দাদি মারা গেলে তিনি ওমরা পালন করেন। ওমরা শেষ করে তিন বাংলাদেশি সহকর্মীর সঙ্গে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কবলে পড়েন।
নিহতের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির ধাক্কা লাগে। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হানিফ মারা যান।
তিনি বলেন, “তার কর্মস্থলের সুপারভাইজার প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
পরিবারের সদস্যরা জানান, এক মাস পর দেশে ফিরে হানিফের বিয়ে করার কথা ছিল। এখন সরকারের সহযোগিতায় তার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।