ময়মনসিংহে এনআইডির আবেদন করতে গিয়ে নারী-পুরুষ আটক
আটক দুজন ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করতে গিয়ে নারী-পুরুষ আটক হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাচন কার্যালয়ে তথ্য ও কাগজপত্রে অসঙ্গতি পাওয়ায় তাদের আটক করা হয় বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর সরকার।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশি নাগরিক হিসেবে এনআইডি পাওয়ার জন্য ওই নারী আবেদন করেছিলেন। তবে তিনি কীভাবে বাংলাদেশি পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আশিকুর সরকার বলেন, আটক দুজন ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে আবেদন করেছিলেন। তাদের কথাবর্তার মধ্যে অসামঞ্জস্য রয়েছে। তাদের প্রকৃত পরিচয় জানতে জিজ্ঞাসাবাদ চলছে। এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে।
তারাকান্দা থানার ওসি রাশেদ হাসান বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আটক দুজনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের পরিচয় ও উদ্দেশ্য জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
