রাজশাহীর সেই যুবলীগ নেতা রুবেল রিমান্ডে
শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানায় পুলিশ।
রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে দুই হাতে দুই পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার দুপুরে রাজশাহী মহানগর আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক এ আদেশ দেন বলে বোয়ালিয়া মডেল থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান।
তিনি বলেন, রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার কুমিল্লার দাউদকান্দি এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করেছিল র্যাব। শনিবার রাতে তাকে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তাকে দুইটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ওসি।
৫ অগাস্ট দুপুরে রাজশাহীর আলুপট্টি এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় দুই শিক্ষার্থী। এ ঘটনায় রুবেলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে এরই মধ্যে হত্যাসহ একাধিক মামলা করা হয়েছে।
রুবেল রাজশাহী মহানগর যুবলীগের সদস্য। রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীও ছিলেন তিনি। তার বাড়ি নগরীর চণ্ডিপুর এলাকায়।
পুলিশের ভাষ্যমতে, রুবেলের নিজস্ব ক্যাডার বাহিনী ও শক্তিশালী মাদক সিন্ডিকেট রয়েছে। এই ক্যাডার বাহিনীর মাধ্যমেই জমি দখল, মাদক, জুয়া, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন তিনি। হাফ ডজন মামলার আসামি হয়েও ২০২৩ সালে সিটি করপোরেশন নির্বাচনে হলফনামায় তথ্য গোপন করে প্রার্থী হয়েছিলেন তিনি।
