হাম: হাসপাতালে গরমে হাঁসফাঁস, বারান্দায় হাতপাখাই ভরসা
বিষয়টি নিয়ে চিন্তিত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আট মাস বয়সী নাতি জিদানকে নিয়ে এসেছেন দাদা রফিকুল ইসলাম। জিদান হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বিছানা না পেয়ে আইসোলেশন ইউনিটের সামনের বারান্দায় ঠাঁই হয়েছে তার।
সেখানে নেই কোনো ফ্যান বা জানালা। তার উপর জিদানের বিছানার পাশ দিয়ে শত শত মানুষ আসা-যাওয়া করছে। আলো-হাওয়াহীন অবস্থায় গরমে অতিষ্ঠ জিদানকে বিছানায় রাখা কঠিন হচ্ছে। তাই হাতে ক্যানুলা লাগানো অবস্থায় জিদানকে নিয়ে হাসপাতালের বাইরে হাঁটাহাঁটি করছিলেন রফিকুল ইসলাম।
তিনি বলছিলেন, “কিছুই করার নাই। রোগীর চাপ বাড়ছে। চিকিৎসা পেতে হলে বারান্দায় থাকা ছাড়া উপায় নাই, হাসপাতাল থেকে বলে দিয়েছে। এমনিতেই তাপমাত্রা বেশি, আর ওইখানে না আছে ফ্যান, না আছে জানালা। আশপাশে এত মানুষের ভিড়ে গরমে নাতি আরো অসুস্থ হয়ে যাচ্ছে।
“তাই ওর মা ওয়ার্ডের ভেতরে আর আমি তাকে নিয়ে বাইরে হাঁটছি। গায়ে চুলকানি থাকায় গরম লাগলেই সে কান্নাকাটি শুরু করে। হাতপাখা দিয়েই-বা কতক্ষণ বাতাস করা যায়!”
একই অবস্থা ফাতেমা আক্তারের দুই বছর বয়সী মেয়েরও। তারা এসেছেন কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকা থেকে। বিছানা না পেয়ে তাদেরও জায়গা হয়েছে হাসপাতালের নিচতলার আইসোলেশন ইউনিটের মেঝেতে।
বৃহস্পতিবার বিকালে গিয়ে দেখা যায়, ফাতেমা তার মেয়েকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছেন। কথা হলে তিনি বলেন, হাসপাতালে তাদের আরও তিন দিন থাকার কথা। কিন্তু এমন পরিবেশে তারা আর থাকতে পারছেন না।
“আশপাশে মানুষের হাঁটাহাঁটি, গরম আর মেঝের ধুলোবালি মেয়েকে আরো বেশি অস্বস্তিতে ফেলছে। এতে মেয়ের অবস্থা যেন আরো দুর্বল হয়ে পড়ছে।”
জেলায় সবচেয়ে বেশি হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালটির শিশু বিভাগের তিনটি আইসোলেশন কক্ষ পূর্ণ হয়ে এখন রোগীদের জায়গা হয়েছে বারান্দায় এবং সিঁড়ি ঘরের চাটাইয়ে।
দেখা গেছে, হাসপাতালের মূল ভবনের দ্বিতীয় তলায় পাবলিক টয়লেটের সামনেও চাটাই পেতে আশ্রয় নিয়েছেন অনেকে। কেউ কেউ আইসোলেশন ইউনিটের মেঝেতে অন্য রোগীর বিছানার পাশেই চাটাই পেতে অপেক্ষা করছেন কখন বিছানা খালি হবে।
অভিভাবকরা বলছিলেন, ওয়ার্ডের ভেতরে ফ্যান আছে। সেটা একটু স্বস্তির। কিন্তু বাইরের অবস্থা খারাপ। সেখানে হাতপাখাই ভরসা। লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যান ব্যবহারও অনেকটা দুঃসাধ্য হয়ে পড়েছে।
বিষয়টি নিয়ে চিকিৎসকরাও চিন্তিত। তারা বলছেন, হাম বা উপসর্গে আক্রান্ত রোগীকে প্রতিনিয়ত আলো-বাতাসে রেখে চিকিৎসা দিতে হয়। কিন্তু ঘিঞ্জি পরিবেশের মধ্যে শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে। এতে শিশুদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলছিলেন, ধারণ ক্ষমতার তিনগুণ বেশি হামের রোগী আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছে। এখানে শিশু বিভাগের জন্য সাধারণ বিছানার সংখ্যা ৫৪টি। হামের প্রকোপ বাড়ায় সেটিকে ১২৬টি বিছানায় উন্নীত করা হয়েছে।
“আইসোলেশন ইউনিটের জন্য রাখা হয়েছে তিন কক্ষে ৪২টি বিছানা। তার বিপরীতে এখন রোগী আছে ৯৪ জন। আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোগীদেরকে চিকিৎসা দেওয়ার। আমার চিকিৎসক এবং নার্সরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।”
হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা বলেন, এ বছর হামের প্রকোপ শুরু হওয়ার পর থেকে কুমিল্লায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় এবং একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
এই হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে থাকলেও এখানে শিশুদের জন্য নেই আলাদা আইসিইউ। যাদের শ্বাসকষ্ট হচ্ছে কোভিডের সময়ে পাওয়া অক্সিজেন জেনারেটর দিয়ে আইসোলেশন ইউনিটের কাজ চালানো হচ্ছে। প্রয়োজনের তুলনায় এসব জেনারেটরও খুবই কম। একটি জেনারেটরের পাশে অন্তত পাঁচজন শিশুকে অপেক্ষা করে সেবা নিতে হচ্ছে।
শয্যা ও জরুরি আইসিইউ সঙ্কট সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ অনেকটাই নিরুপায় বলে জানালেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মাসুদ পারভেজ। তিনি বলেন, “আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।”
