২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনের শপথে অটল আছি: সিইসি

বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2025, 08:06 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, “আমরা শপথের পরেই বলেছি, জাতিকে একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। আমি এবং নির্বাচন কমিশন তাতে অটল আছি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

শনিবার বিকালে বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল বিভাগ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “অতীতের মত কোনো নির্বাচন আর হবে না। সরকারি কোনো সংস্থা ও রাজনৈতিক দল নির্বাচনকে প্রভাবিত করার সুযোগ পাবে না। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জাতির আকাঙ্ক্ষা পূরণের নির্দেশনা দিয়েছি। সবার সহযোগিতায় কমিশন ঐতিহাসিক ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।”

তিনি বলেন, “জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমরা যে প্রচার চালিয়েছি এবং ভোটারদের যেভাবে আশ্বস্ত করেছি, তাতে নিষিদ্ধঘোষিত কোনো দলের নির্বাচনে অংশ না নেওয়া বা তাদের সমর্থকদের ভোট না দেওয়ায় নির্বাচনে কোনো প্রকার প্রভাব পড়বে না।”

এ সময় তিনি নির্বাচনকালে গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। 

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।