টেকনাফে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা থেকে ২৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ১
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
কক্সবাজারে টেকনাফে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার এবং আশ্রয়দাতা একজনকে আটক করেছে র্যাব।
রোববার গভীররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালানো হয় বলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক জানান।
আটক ২৮ বছর বয়সী বোরহান উদ্দিন পশ্চিম সিকদার পাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে।
র্যাব কর্মকর্তা ফারুক বলেন, “পশ্চিম সিকদার পাড়ায় এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে ক্যাম্পের কিছু সংখ্যক রোহিঙ্গা বসবাস করছে খবরে সেখানে অভিযান চালায় র্যাব।
“পরে বাসাটি তল্লাশি করে নারী ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গাকে উদ্ধার এবং আশ্রয়দাতা একজনকে আটক করা হয়।”
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফের ক্যাম্পে বসবাসকারী কিছু রোহিঙ্গা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে মাদকপাচার, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধ করছে বলে র্যাবের কাছে তথ্য আছে।
“পাশাপাশি এসব রোহিঙ্গাদের কেউ কেউ জায়গা কিনে বাড়ি বানানোর চেষ্টাও করছে। ফলে ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবৈধভাবে বসবাস করা প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে র্যাব।”
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
