২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ৮০

গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়েছে ১৮৯ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 12:51 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

ময়মনসিংহে হামের প্রকোপ ক্রমেই বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে আরও ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, সোমবার রাত ৩টা ২৫ মিনিটে নয় মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়। তার হামের উপসর্গ ছিল। শিশুটির বাড়ি শেরপুরের নকলা উপজেলায়।

তিনি বলেন, “বর্তমানে হাসপাতালে হাম সনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৮০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম নিয়ে এ পর্যন্ত ২৭৬ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮৯ শিশু।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. গোলাম মাওলা বলছেন, “হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে।”

“অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় হাম ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।”